ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
গদখালির একটি ফুল বাগান ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলের রাজ্যের সকল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটন মৌসুমে হঠাৎ এই নিষেধাজ্ঞায় একদিকে যেমন পর্যটকরা হতাশ, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রশাসনের সিদ্ধান্ত উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ০৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত গদখালীর সব বিনোদন কেন্দ্র ও পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। গত ০৬ ফেব্রুয়ারি ঝিকরগাছা উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে সব পার্ক পরিচালককে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেয়। মূলত যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঝিকরগাছা উপজেলার বিশেষ আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাস গদখালীর ফুলের ভরা মৌসুম। এ সময় গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধার চোখধাঁধানো রূপ দেখতে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠা বাগানভিত্তিক পার্ক, হস্তশিল্পের দোকান ও অস্থায়ী খাদ্যপণ্যের দোকানগুলোতে এখন বেচাকেনা বন্ধ হওয়ার উপক্রম। স্থানীয় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবার এই সাত দিনের আয়ের ওপর নির্ভর করে সারা বছরের পরিকল্পনা সাজান, ফলে পার্ক বন্ধের সিদ্ধান্তে তারা কিছুটা হতাশ হয়ে পড়েছেন।
প্রশাসনের বক্তব্য এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি একটি জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই অর্থাৎ নির্ধারিত সময় শেষে পুনরায় পার্কগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।