মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রমের দায়িত্বরত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যশোর জেলাধীন মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে যে কোনো জটিলতা দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে যথাযথভাবে দায়িত্ব পালন করা হবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনী আইন, আচরণবিধি ও ভোটগ্রহণ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করাই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারে।
প্রশিক্ষণ কর্মসূচিতে মণিরামপুর উপজেলার ভোটগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনগত দিক ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষনার্থীরা জানান, এ ধরনের আয়োজনের ফলে তারা মাঠপর্যায়ে নিরপেক্ষ ও ত্রুটিমুক্তভাবে দায়িত্ব পালনে অধিক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।