অভয়নগর (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
অভয়নগর, যশোর: যশোরের অভয়নগরে নারী জাগরণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘অভয়নগর লেডিস অর্গানাইজেশন’ (আলো)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার নওয়াপাড়া কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের অধ্যক্ষ এবং ‘আলো’র নবনির্বাচিত সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সদস্য শারমিন চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান। তিনি বলেন, নারীদের ঐক্যবদ্ধ প্রয়াস সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। এছাড়াও বক্তব্য রাখেন কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু এবং বিশিষ্ট ব্যবসায়ী ওলিয়ার রহমান খোকন। বক্তারা নতুন এই সংগঠনের সাফল্য কামনা করেন এবং সামাজিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মাহফুজা বেগম বলেন, "মানবিকতা চর্চার মাধ্যমে আত্মিক ও মানসিক উন্নয়ন সাধনই ‘আলো’র মূল লক্ষ্য। আমরা চাই কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা রোধে তাদের আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী করে তোলা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার, এবং সদস্য শাম্মি আক্তার, সাহারা হাসান, নাজমুন নাহার, ইলা বিকাশ, সামিনা জাহান, কাকলী ঘোষসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংগঠনটির সংশ্লিষ্টরা আশা করছেন, ‘আলো’ তাদের সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অভয়নগর উপজেলার নারী উন্নয়ন ও সমাজসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করবে।