চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
চৌগাছা (যশোর): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৪ জানুয়ারি) আসরের নামাজের পর ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, এদিন বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী সমাজসেবা সম্পাদক সাইমুম হোসেন এবং যশোর জেলা পশ্চিমের অফিস সম্পাদক আ জ ম উবাইদুল্লাহ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চৌগাছা আদর্শ শাখার সভাপতি হাফেজ আবু সাইদ হুসাইন সাইদি, চৌগাছা উত্তর শাখার সভাপতি দেলোয়ার হোসেন এবং চৌগাছা দক্ষিণ শাখার সভাপতি এহসানুল কাদের ইমরুজসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।