ছবি: সংগৃহীত
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক ভবনে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ভবনটি। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কক্ষে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর মধ্যে তিনটি ইউনিটের টানা আধা ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে কক্ষটির ভেতরে থাকা এসি, ফ্যান, ইউপিএস ব্যাটারি এবং প্রয়োজনীয় আসবাবপত্রসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়া রোধ করে। প্রাথমিক ধারণামতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে নিশ্চিত কারণ জানতে কাজ চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, "খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির মাত্রা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয়। কক্ষটিতে কী পরিমাণ কম্পিউটার ও গুরুত্বপূর্ণ ডিজিটাল সরঞ্জাম ছিল, সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে।"
বিষয়টি নিয়ে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, "ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে এসেছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবনের ওই কক্ষটিতে বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ সার্ভার রক্ষিত ছিল। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।"
বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইসিটি সেন্টারের সার্বিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।