ধ্রুব রিপোর্ট
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে যশোরে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে যশোরে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
রোববার সকালে প্রথম দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিলহাস উদ্দিন নিপুণ।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে নির্বাচনের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পর্যবেক্ষকদের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।
বিশেষ করে ‘গণভোট–২০২৬: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক অধিবেশনে নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২ এবং এর সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের ধারণা দেওয়া হয়।
বিকেলের অধিবেশনে নির্বাচনী ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দায়িত্ব-কর্তব্য এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন হারুন জামিল।