Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৬:৪৬ পিএম
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ছবি: বাসস

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার সীমিত বা বন্ধ করতে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন নির্দেশিকা (গাইডলাইন) তৈরি ও জারির আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অ্যালগরিদম-ভিত্তিক ডিজিটাল ফিড অপ্রাপ্তবয়স্কদের ওপর কী ধরনের কাঠামোগত প্রভাব ফেলছে, তা যাচাই-বাছাই করতে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ এবং আইনবিদদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) এক জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এই রিট আবেদনটি দায়ের করেন। অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়নে কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে তিনি রিটটি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি পরিচালনা করেন।

আদালতের আদেশের বিষয়ে আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, দেশে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে ১৬ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্করা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে শিশু-কিশোরদের স্বাভাবিক মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক এক গবেষণার তথ্য উল্লেখ করে তিনি জানান, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে দৃষ্টিশক্তি হ্রাসসহ নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতা দেখা দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর রয়েছে। শিশুদের সুরক্ষা ও সুস্থ বিকাশের কথা বিবেচনা করেই মূলত জনস্বার্থে এই রিটটি করা হয়েছিল।

আদালতের জারি করা রুলে, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠনের মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)