Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাগলা মসজিদে দিনে দান পড়ে গড়ে ১০ লাখ ৮৩ হাজার টাকা

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৭:২০ পিএম
পাগলা মসজিদে দিনে দান পড়ে গড়ে ১০ লাখ ৮৩ হাজার টাকা

পাগলা মসজিদে দিনে দান পড়ে গড়ে ১০ লাখ ৮৩ হাজার টাকা ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ভক্ত ও দর্শনার্থীদের দানের স্রোত যেন থামছেই না। নগদ টাকার পাশাপাশি সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও বিপুল পরিমাণ অর্থ জমা হচ্ছে এই মসজিদে। চলতি বছরের হিসাব অনুযায়ী, পাগলা মসজিদে প্রতিদিন গড়ে ১০ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকা করে দান করেছেন মানুষ। সব মিলিয়ে চলতি বছরে সংগৃহীত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৩২৩ টাকায়।

সর্বশেষ শনিবার মসজিদের ১৫টি দানবাক্স খুলে গণনা শেষে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এর আগে ২৭ জুন দানবাক্স খোলা হলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ দুই দফায় শুধু দানবাক্স থেকেই এসেছে ৩৪ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৬৬৩ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে যুক্ত হয়েছে আরও ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।

সব খাতের এই অর্থ একত্র করলে চলতি বছরের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৩২৩ টাকা। ৩২৫ দিনের হিসাবে গড় করলে দেখা যায়, প্রতিদিন গড়ে ১০ লাখ টাকারও বেশি অর্থ দান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাগলা মসজিদে দানের অঙ্ক বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাক্স খোলার বিরতি। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে দুইবার বাক্স খোলা হয়েছে। সর্বশেষ প্রায় পাঁচ মাস পর দানবাক্স খোলায় দীর্ঘ সময়ে জমে থাকা অর্থের পরিমাণ স্বাভাবিকভাবেই বেড়ে গেছে।

দ্বিতীয়ত, দানবাক্সের সংখ্যা বৃদ্ধি। আগে যেখানে ১৩টি দানবাক্স ছিল, সেগুলো দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে আরও দুটি বাক্স বসানো হয়। ফলে এবার ১৫টি বাক্স থেকে মোট ৫১ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

তৃতীয়ত, এই মসজিদকে কেন্দ্র করে মানুষের গভীর বিশ্বাস ও আস্থা। প্রচলিত জনশ্রুতি ও বিশ্বাস অনুযায়ী, এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয়। অসুস্থতা থেকে আরোগ্য, পারিবারিক সংকট কাটানো কিংবা ব্যক্তিগত কোনো চাওয়া পূরণের আশায় দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার দান করার নজিরও রয়েছে এখানে।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সপরিবারে আসা রাখাল চন্দ্র পাল জানান, গণমাধ্যম ও মানুষের মুখে পাগলা মসজিদের কথা শুনেছেন তিনি। নিজের একটি মানত পূরণ হওয়ায় সাধ্যমতো দান করতে এসেছেন। অন্যদিকে নেত্রকোনার মদন থেকে আসা আবু বক্কর দুটি ছাগল মানত করেছিলেন; মনোবাসনা পূর্ণ হওয়ায় পরিবার নিয়ে এসে সেই মানত আদায় করেছেন।

টাকা বা মূল্যবান সামগ্রীর পাশাপাশি দানবাক্সে নিয়মিতই পাওয়া যায় নানা ধরনের চিঠি। কেউ প্রিয়জনের সুস্থতা কামনা করেন, কেউ পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার সমাধান চান, আবার কেউ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অস্থিরতা কমার আকুতি জানান। এসব চিঠিতে মানুষের বিশ্বাস, আকুতি ও প্রত্যাশার প্রতিচ্ছবি ফুটে ওঠে।

সংগৃহীত অর্থের একটি অংশ মসজিদ ও সংশ্লিষ্ট ইসলামী কমপ্লেক্সের দৈনন্দিন পরিচালনায় ব্যয় করা হয়। অবশিষ্ট অর্থ জমা রাখা হয় ব্যাংকে। সেই ব্যাংক স্থিতির লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে ভোগা মানুষের চিকিৎসাসহ নানা মানবিক সহায়তাও করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মসজিদের পরিসর বাড়াতে এরই মধ্যে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।

গত ১২ অক্টোবর মসজিদে ছয় বছরে জমা হওয়া স্বর্ণ ও রুপার হিসাব সম্পন্ন করা হয়। তাতে ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা এবং ১২ কেজি রুপা পাওয়া যায়, যার সঙ্গে ছিল ৩০টি দেশের বৈদেশিক মুদ্রা। এর আগে ২০২০ সালে জমে থাকা সোনা-রুপা নিলামে বিক্রি করে ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা আয় হয়েছিল।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ আজ দেশজুড়ে পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। লোকশ্রুতি অনুযায়ী, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক খরস্রোতা নরসুন্দা নদীতে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা হারুয়ায় থামেন। তাঁর সংস্পর্শে সেখানে বহু ভক্ত জড়ো হন। ওই সাধকের মৃত্যুর পর তাঁর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে এবং কালক্রমে তা ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি লাভ করে। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ এস্টেটের আওতায় মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)