বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, জিরা, কিসমিস, চকলেট, ওষুধ ও প্রসাধনসামগ্রী।
শনিবার (২১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।