ধ্রুব নিউজ
উদ্ধারকৃত মাদক সিরাপ ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স এবং ৩৬ বোতল ফেয়ারডিলসহ মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত দশটায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার সৈয়দপুর গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের মো. হারুন অর রশিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন অর রশিদ (৫৭) ও তার ছেলে মোয়াজ্জেম হোসেন রুবেল (৩৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ নিয়মে জব্দ করা হয়। পরবর্তীতে পলাতক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।