Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘জীবনে কী খেয়েছ, না খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও’

❒ কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি দিয়ে চিরকুট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৯:৩৭ এ এম
‘জীবনে কী খেয়েছ, না খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও’

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও মৃত্যুর হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিরকুটে ১০ থেকে ১২ দিনের মধ্যে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩১) ও মনি ডাক্তার (৪০)-এর বাড়িতে এসব সামগ্রী পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গোপনে ওই দুটি বাড়িতে দাফন-কাফনের সামগ্রী ও হুমকিসংবলিত চিরকুট রেখে যায়। গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির উঠান ও রান্নাঘরের পাশে এসব সামগ্রী দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’ 

এ বিষয়ে মনি ডাক্তার (গ্রাম্য ডাক্তার) বলেন, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুটটি দেখতে পাই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত নই। তবে এ ঘটনায় আমার কিছু সন্দেহ থাকলেও আপাতত তা প্রকাশ করতে চাই না। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে এভাবে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, এর পেছনে পুরোনো কোনো শত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)