নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি: ধ্রুব নিউজ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২০৫টি ভারতীয় শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ৬২০টি চকলেট ও ৭৯৮টি প্রসাধনসামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।