বিএল কলেজ প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
খুলনা-৩ আসনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে খালিশপুর এলাকা। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর বৈকালী মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ ও ১৪ নং ওয়ার্ড (খালিশপুর থানা) শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় বৈকালী মোড়ে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। পথসভায় তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সভায় উপস্থিত ছিলেন।
পথসভা শেষে আসরের নামাজের পর একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বৈকালী মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি মজনুনি বাস স্ট্যান্ড হয়ে তিতুমীর স্কুল অতিক্রম করে সবুরের মোড়ে গিয়ে সমাপ্ত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।