নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশাপোল ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. মাহমুদুর রহমানের নাম ঘোষণা করা হয়।
পাশাপোল ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, নেতৃত্বের আমূল পরিবর্তন এবং সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের ইতিবাচক পরিবর্তনের জন্য জনগণের প্রত্যক্ষ সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি সমাজজীবনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু নামাজ, রোজা, হজ ও যাকাত পালনের মধ্যে ধর্মীয় জীবন সীমাবদ্ধ না রেখে ব্যবসা-বাণিজ্য, চাকরি, লেনদেন ও সামাজিক আচার-আচরণসহ প্রতিটি ক্ষেত্রে ইসলামের মহান বিধান অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদ এবং ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি মাহমুদুর রহমান।
সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা পর্ব শেষে ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. মাহমুদুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।