নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ায় শহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোরের 'জুলাই স্মৃতিস্তম্ভ' থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপি যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান বলেন, "রাজনীতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের জন্য। আমরা ক্ষমতার মালিক হতে চাই না—আমরা হতে চাই মানুষের সেবক। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের জন্য আমাদের এই রাজনৈতিক পথচলা।" তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এনসিপি যশোর শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করে যশোরকে এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করবে।
সমাবেশে জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, "এই নতুন কমিটি শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং যশোরে সংগঠনকে আরও শক্তিশালী করার একটি অঙ্গীকার। তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করে মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে এনসিপি সর্বদা মাঠে থাকবে।"
আনন্দ মিছিল ও সমাবেশে এনসিপি জেলা আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদের নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. শহিদুল ইসলাম জাবি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবুল, আবুল কাশেম, আব্দুল আলীম, আব্দুল্লাহ আল নাদিম, আলী সাহেব, ইউসুপ আলী রিপন, জয়া জাকির, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান সুজনসহ বিভিন্ন উপজেলা ও তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।