চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোরশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শুধু কোরআন-হাদিসের দাওয়াত দিলেই দায়িত্ব শেষ হয় না। দাওয়াতের পাশাপাশি প্রত্যেক কর্মীকে নিজের নৈতিক চরিত্র, আখলাক ও ব্যবহারের মাধ্যমে ব্যক্তিজীবনে ইসলামের উত্তম আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।"
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাস্টার রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নান, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, অফিস সম্পাদক মাওলানা শামসুর রহমান, মাওলানা আজাদ হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সমাজ, রাষ্ট্র ও প্রচলিত রীতি-নীতি সংক্রান্ত জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মীদের ব্যাপক অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন। অপর সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন পরকালীন কল্যাণকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণের আহ্বান জানান। এছাড়া সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ দ্বীনের পথে জান ও মালের সঠিক ব্যবহারের তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গণসংযোগ মাস পালন করা হবে। সম্মেলনে উপস্থিত প্রায় ২৫০ জন ডেলিগেটের উদ্দেশে তিনি প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপকভাবে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে চৌগাছাসহ সমগ্র জেলায় সংগঠনের কাজকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সম্মেলনে চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সেক্রেটারিসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।