ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অনিয়ম ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষার কেন্দ্রটিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে গিয়ে সত্যতা পেয়ে মুঠোফোনে দৃশ্যগুলো ভিডিও করার সময় দুই শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালান।
হামলায় আহত হন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন।
সাংবাদিক রাব্বি আহমেদ জানান, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের উন্মুক্ত বই রেখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে গিয়ে দেখতে পান, পরীক্ষার্থীরা বই খুলে উত্তর লিখছেন। বিষয়টি মুঠোফোনে ভিডিও করতে গেলে এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের চিহ্নিত করা, ছিনিয়ে নেওয়া মোবাইল ও সরঞ্জাম উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।