নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগস্ট) যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগস্ট) যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের যশোর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে। দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি, কারণ প্রতিটি পরিবর্তনের পর পুরাতন বন্দোবস্তে দেশ চালানো হয়। জুলাই অভ্যুত্থানের পরও একই ঘটনার পুনরাবৃত্তি চলছে, যা আগামীতে আর হতে দেওয়া হবে না।" এ সময় তিনি দেশের সর্বস্তরে পরিশুদ্ধ ও সৎ চিন্তাধারার মানুষকে নেতৃত্বে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মো. আব্দুল জলিল। তিনি আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান এবং অন্যায়-অপরাধের বিরুদ্ধে জুলাই চেতনা ধারণ করার তাগিদ দেন।
অনুষ্ঠানে যশোর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং পরিচিতি পর্ব সম্পন্ন হয়।