ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখা। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, “আমরা শান্তি চাই, আমরা ইনসাফ চাই। কোনো স্বৈরাচারী সরকার বেশিদিন টিকে থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দেশের জনগণের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখন তিনি দলীয় প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছেন। সরকার শপথ গ্রহণের দিনই আমরা বুঝেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিকতা নেই। সেদিন আমরা দুটি শপথ নিয়েছিলাম, আর তারা নিয়েছিল একটি শপথ। তখনই বুঝতে বাকি ছিল না জুলাইয়ের সঙ্গে কী ঘটতে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম ও মশিউর রহমান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা দ্বীন ইসলাম, যুববিভাগের উপজেলা সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, কাজী আনোয়ার হোসেন, হাফেজ রেজাউল করিম, পৌর আমীর আব্দুল হামিদ, শিবিরের জেলা সেক্রেটারি আ.জ.ম. ওবায়দুল্লাহ, শিবিরের আদর্শ শাখা সভাপতি ঈসা মাহমুদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিসার উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি, ছাত্রশিবিরের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবী নেতাকর্মী।