❒ ঝিনাইদহে ১১ দলীয় জোটের গণমিছিল ও জনসমাবেশ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের গণমিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ
জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের ব্যাপক গণমিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। এছাড়া এনসিপির ঝিনাইদহ জেলা সদস্য সচিব আরেফিন কায়সারও বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আঃ হাই, শৈলকূপা উপজেলা আমির এ এস এম মতিউর রহমান, মহেশপুর উপজেলা আমির ফারুক হোসেন, কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক, হরিণাকুন্ডু উপজেলা আমির বাবুল হোসেন, শহর আমির ইসমাইল হোসেন, জেলা শিবির সভাপতি ওবাইদুল্লাহ, শহর সভাপতি শেখ আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসাইন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতের প্রতিফলন জরুরি। সরকার যদি জনগণের প্রত্যাশাকে সম্মান না করে, তবে গণআন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের নায্য অধিকার আদায় করবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ধ্রুব/এস.আই