নিজস্ব প্রতিবেদক
মাস্টার নূর জালাল ছবি: সংগৃহীত
যশোরের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ন্যাপ (মোজাফফর) নেতা এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার নূর জালাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ ১৭ মার্চ (মঙ্গলবার) জোহর নামাজ শেষে পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন
মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতায় অতিবাহিত করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং একাত্তর-পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির ব্যানারে গ্রামে গ্রামে কৃষক সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য। শিক্ষকতা থেকে অবসরের পর তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত হন এবং দীর্ঘদিন ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
সামাজিক ও নাগরিক আন্দোলন
যশোর শহরের উন্নয়ন এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে মাস্টার নূর জালাল ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। তিনি 'পৌর নাগরিক আন্দোলন কমিটি' গঠন করে শহরের বিভিন্ন সমস্যা সমাধাননে অসংখ্য সফল আন্দোলন পরিচালনা করেন। এছাড়াও তিনি বিমানবন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই।
বিভিন্ন সংগঠনের গভীর শোক
মাস্টার নূর জালালের মৃত্যুতে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পৃথক ও যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আহাদ আলী লস্কর ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার ও যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় ছাত্রদল জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সভাপতি শাহরিয়ার আমির ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিবর রহমান খান মহারাজ ও সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, গণতান্ত্রিক মহিলা সমিতি সভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক আদিবা জালাল তৃষা।
নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, মাস্টার নূর জালালের প্রয়াণে যশোরবাসী একজন নিবেদিতপ্রাণ জননেতা এবং অভিভাবককে হারালো। তার আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।