নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম নয়ন। ছবি: ধ্রুব নিউজ
সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সোচ্চার থাকার পাশাপাশি সংগঠনের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম নয়ন।
তিনি বলেছেন, অপরাধ ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের যুবদলে কোনো ঠাঁই হবে না। গুটিকয়েক নেতাকর্মীর কারণে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। একই সঙ্গে বৈশ্বিক সংকটকে পুঁজি করে সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
২৮ অক্টোবর বুধবার বিকেলে যশোর শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে যশোরের বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, যুবদল একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীদের নিজেদের চরিত্র ও ভাবমূর্তি ধরে রাখতে হবে। দলের দুঃসময়ে যেভাবে ভূমিকা পালন করেছেন, সুসময়েও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা থাকলে নিজ উদ্যোগে সংশোধন হতে হবে। সন্ত্রাস ও অপরাধে জড়িত ব্যক্তিদের যুবদলে কোনো জায়গা হবে না।
তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের নেতাকর্মীদের স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। গুটিকয়েক ব্যক্তির কারণে যুবদলের নামে কোনো বদনাম সহ্য করা হবে না।
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, দেখা দিয়েছে গ্যাসসংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবেও দেশে বিভিন্ন সংকট তৈরি হয়েছে। তাঁর দাবি, এসব সংকটকে পুঁজি করে একটি মহল সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। নানা কর্মসূচির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের অতীতের মতো রাজপথে সক্রিয় থাকতে হবে। যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেবে না।
নয়ন আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় আনন্দে আত্মহারা হয়ে বেপরোয়া জীবনযাপনের কোনো সুযোগ নেই। নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি বলেন, বিএনপি অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে না। দলের মধ্যে কোনো অপরাধীর আশ্রয় হবে না। যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মোকাবিলা করতে হবে। সরকারের কার্যক্রম সফল করতে দলের নেতাকর্মীদের সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষে বিভিন্ন পর্যায়ে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের সহযোগিতার মাধ্যমে সরকারকে সফল করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে নুরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সব ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া জেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা আশরাফুল কবির সুমন, কবির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, যুবদল নেতা আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ, রবিউল ইসলাম রবি, তানভির রায়হান তুহিন, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।