ধ্রুব নিউজ ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত সন্তানের শরীর থেকে রক্ত নিচ্ছেন নার্স ছবি: সংগৃহীত
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন ১০ জনের প্রাণহানির মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি অক্টোবর মাসের প্রথম ১৪ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বর মাসে এ বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর প্রাণহানি ঘটেছিল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের নানা প্রান্তের হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। অপরদিকে, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন রোগী। এ নিয়ে দেশে ডেঙ্গু থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১ হাজার ৩১ জনে।