ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে।
প্রতি বছর ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে সরকারি পর্যায়ে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে দিনটিকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করা হবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানের পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর কয়েক দিন পর ৭ নভেম্বর সেনাবাহিনীর ভেতরে পাল্টা অভ্যুত্থান ও সিপাহী-জনতার অভ্যুত্থানের ঘটনা ঘটে।
ওই সময় বন্দী থাকা তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পরে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে আসছিল।
অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো ৭ নভেম্বরের ঘটনাকে ভিন্নভাবে মূল্যায়ন করে। ফলে দিনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের বিষয় হয়ে আছে।
এর আগে বিভিন্ন সরকার ৭ নভেম্বরকে বিভিন্নভাবে পালন করেছে। বিএনপি সরকারের সময়ে দিনটি রাষ্ট্রীয়ভাবে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালিত হয়েছে এবং সরকারি ছুটিও ছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে দিবসটির সরকারি স্বীকৃতি ও ছুটি বাতিল করা হয়। দীর্ঘ বিরতির পর বর্তমান সরকার আবার দিনটিকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল।
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ছুটির সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
এর ফলে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০, ২১ ও ২২ অক্টোবরের সরকারি ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় এ ছুটি টানা পাঁচ দিন হচ্ছে। তবে ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।