Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৬:১৯ পিএম
কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

ছবি: সংগৃহীত

মন্ত্রীদের সংসদ অধিবেশনে উপস্থিত থাকার তাগিদ দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

আজ মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অধিবেশনে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।

এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল। বিষয়টি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তখন চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।

চিফ হুইপের উদ্দেশে স্পিকার আরও বলেন, ‘আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার আরও বলেন, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। তিনি সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা যখন সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দেন, সে সময় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০-১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সংসদ কক্ষে দেখা উপস্থিত দেখা যায়।

ওসমান হাদি, মির্জা আব্বাস প্রসঙ্গ

আজকের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংসদকে জানানোর আহ্বান জানান। ঋণখেলাপি হওয়ার অভিযোগে সংসদ নির্বাচনে বিএনপির দুজন প্রার্থীর ফলাফল নিয়ে যে মামলা চলছে, সে সম্পর্কে জানানোরও দাবি জানান তিনি।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, মির্জা আব্বাসের ব্যাপারে শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে যেসব গুজবের ডালপালা আছে, সে গুজবের আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) বক্তব্য। এ বিষয়গুলোকে আর বাড়াতে না দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন তিনি।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, মির্জা আব্বাস সম্পর্কে স্পিকার সংসদকে জানাতে পারেন। দুজন সংসদ সদস্যের বিষয়টি বিচারাধীন। এর বাইরের যে বিষয়গুলো প্রয়োজনীয় নয়, সেগুলো নিয়ে পয়েন্ট অব অর্ডারের নামে যাতে সময় নষ্ট না করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। বাকি গুজব কে কী বলেছে, কার সম্পর্কে কী গুজব, এগুলো নিয়ে জাতীয় সংসদে সময় নষ্ট করা যাবে না। তিনি পয়েন্ট অব অর্ডারে চলমান বিষয়ে বলার অনুরোধ জানিয়ে বলেন, অযথা সংসদের সময় নষ্ট হয়, এমন কিছু তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)