ধ্রুব ডেস্ক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনএনপি), যশোর জেলা শাখা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার এবং দলটির নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকালে যশোরের দড়াটানা (ভৈরব চত্বর) এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তাহলে বাংলাদেশে যারা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিল, তারা সহ দেশের কোনো দেশপ্রেমিক নাগরিক নিরাপদ থাকবে না। আমরা স্পষ্ট বলতে চাই—অনতিবিলম্বে যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল-সমাবেশ করছে বা দলটির কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে গ্রেফতার করুন। তা না হলে আপনাদের মসনদ তো যাবেই, সেই সাথে জুলাই বিপ্লবের কারিগরদের বিপদও সন্নিকটে।"
ভারতের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, "দিল্লির চোখে চোখ রেখে কথা বলুন। বিগত এক মাস ধরে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে পুশ-ইন করার চেষ্টা করা হয়েছিল, দেশের জনগণ ও দেশপ্রেমিক বিজিবি তা প্রতিহত করেছে। সেই চক্রান্ত ব্যর্থ হওয়ার পর দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা মিটিং-সিটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছেন।" তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তারা হয় দেশের স্বাভাবিক নিয়মকানুন মেনে থাকবে, না হলে তাদের 'মামার বাড়ি' ইন্ডিয়াতে পাড়ি দিতে হবে। এই জুলাইপ্রেমিক ও দেশপ্রেমিক জনগণ বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, জাতীয় যুব সংহতি জেলা আহ্বায়ক এমদাদ হোসেন, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক আলাউদ্দিন এবং সদস্য সচিব সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ।