বেনাপোল (যশোর) প্রতিনিধি
আজ শেষ দিনে এলো ভারতীয় চালের শেষ চালান ছবি: ধ্রুব নিউজ
: সরকার নির্ধারিত সময়সীমার শেষ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ হাজার মেট্রিক টন মোটা চাল আমদানি করা হয়েছে। গত ১৬ কার্যদিবসে ৩২টি চালানের মাধ্যমে এসব চাল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বন্দর সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি থেকে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টা পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর হয়ে মোট ৫ হাজার ৫ মেট্রিক টন নন-বাসমতি চাল বেনাপোলে আসে। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
চালের আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, মোট ১৪১টি ট্রাকে করে এসব চাল আনা হয়েছে। বেনাপোল বন্দর পর্যন্ত প্রতি কেজি চালের আমদানি খরচ পড়েছে প্রায় ৫০ টাকা। এসব চাল খোলা বাজারে ৫১ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দুটি প্রতিষ্ঠান এই চাল আমদানি সম্পন্ন করেছে। ইতোমধ্যে চালগুলো বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়েছে।