নিজস্ব প্রতিবেদক
যাবজ্জীবন সাজা প্রাপ্ত আলমগীর হোসেন ছবি: ধ্রুব নিউজ
হেরোইনের মামলায় টেংরালি গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মহি পাগলা ওরফে মহি আলমগীর বাবু ওরফে মহির বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে জানা গেছে , ২০১৭ সালের ১৪ এপ্রিল সকালে শার্শা থানা পুলিশের তৎকালীন এএসআই ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়স্থ যাত্রী ছাউনির সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কেজি হেরোইন ও কোমরে গোজা এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয় ।
এ ঘটনায় আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করেন এএসআই ইমামুল ইসলাম। মাদক মামলা তদন্ত শেষে আলমগীরকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট জমা দেন এসআই সুজাত আলী। এ মামলা দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।