Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৭:৪০ পিএম
ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

যশোর সদর উপজেলার বারীনগরের ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার বারীনগরের ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফুলতলা বাজার এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ও মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শরফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমদাদুল্লাহ রহমানি এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষাদান ও প্রতিষ্ঠানটির উন্নয়নে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। তাঁদের কর্মজীবনের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষার মানোন্নয়ন এবং মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখার বিষয়েও আলোচনা হয়।

সমাজবিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির ১৯৮৭ সালের ১ এপ্রিল মাদ্রাসায় যোগদান করেন। তাঁর কর্মজীবন শেষ হয়েছে ২০১৪ সালের ৩১ অক্টোবর। কুরআনের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা এ এস এম আব্দুল আজিজ ১৯৭৭ সালে যোগদান করেন এবং ২০২০ সালে অবসরে যান। গণিতের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী আব্দুল হালিম ১৯৭৬ সালের ১৫ সেপ্টেম্বর যোগদান করেন এবং ২০১৩ সালের ১৬ ডিসেম্বর অবসরে যান।

এ ছাড়া মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আনোয়ার হোসাইন, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মতিউর রহমান, সহকারী মৌলভী মো. শরিফুল ইসলাম এবং ইবতেদায়ী মৌলভী মো. তাজউদ্দিন আহমদসহ সাবেক শিক্ষকদের অবদানও অনুষ্ঠানে স্মরণ করা হয়।

অসুস্থতার কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মতিউর রহমান ও মো. তাজউদ্দিন আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁদের পরিবারের সদস্যরা তাঁদের পক্ষে ক্রেস্ট ও মানপত্র গ্রহণ করেন। অন্যদিকে, প্রয়াত শিক্ষক মো. আকিকুর রেজা, মো. মোজাম্মেল হক ও জেসমিন নাহারের পরিবারের সদস্যদের হাতে তাঁদের সম্মাননা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের দীর্ঘদিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব।

অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতিচারণ, শ্রদ্ধা ও পুনর্মিলনের এক মিলনমেলায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)