নিজস্ব প্রতিবেদক
২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে যশোরে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে যশোরের চাঁনপাড়া পুলিশ, বেনাপোল পোর্ট ও শার্শা থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, শুক্রবার রাতে চাঁনপাড়া ক্যাম্পের এএসআই জবেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হামিদপুর গ্রামে অভিযান চালান। এ সময় জনৈক ছরোয়ারের বাড়ির সামনের রাস্তা থেকে ঝন্টুকে আটক ও তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় অভিযান চালান এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় বেনাপোল বাজার থেকে রেললাইনগামী পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোস্তফা বেপারী নামে এক যুবককে আটক ও তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মোস্তফা বেপারী বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবের বেড় গ্রামের পশ্চিমপাড়ার কালাচান বেপারী ওরফে কালুর ছেলে।
অন্যদিকে, একই দিন রাতে শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালান ডিবির এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট। এ সময় একটি বাড়ির সামনের পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহিন হোসেন ও রুবেল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক ও তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুই আটক ব্যক্তি হলেন শার্শার রাড়ীপুকুর স্কুলপাড়ার আহম্মদ আলীর ছেলে শাহিন হোসেন ও বাগুড়ি মাস্টারপাড়ার আরশাদ আলীর ছেলে রুবেল হোসেন। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।