ধ্রুব ডেস্ক
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং এর পিক সিজনকে সামনে রেখে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অভিযানটির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—"নিজের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ থাকি" এবং "জমেনি জল যেখানে, ডেঙ্গু নেই সেখানে"।
আয়োজকরা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, স্কাউটস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ২৫ হাজার সেচ্ছাসেবক ও কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ৬৪টি জেলা প্রশাসনের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন।
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস এ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় কার্যক্রম তদারকি করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।
সম্প্রতি সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার আলোকেই এই দেশব্যাপী অভিযান শুরু করা হলো।