Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ট্রান্সফারে ৩.৪৬ বিলিয়ন! খরচের সব রেকর্ড ভাঙল প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১১:৫৫ এ এম
ট্রান্সফারে ৩.৪৬ বিলিয়ন! খরচের সব রেকর্ড ভাঙল প্রিমিয়ার লিগ

এলিয়ট অ্যান্ডারসন, এনজো ফার্নান্দেজ এবং মরগান রজার্স প্রত্যেকেই ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ট্রান্সফার ফিতে ক্লাব পরিবর্তন করেছেন গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের সদ্য সমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলে খরচের সব অতীত রেকর্ড চুরমার করে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। খেলোয়াড় কেনার খেলায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট খরচের পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৩.৪৬ বিলিয়ন পাউন্ডে, যা গত বছরের ৩.১৪ বিলিয়ন পাউন্ডের পূর্ববর্তী রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েছে।

দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে একের পর এক বিশাল অঙ্কের চুক্তি সম্পন্ন হওয়ায় খরচের এই গ্রাফ চূড়ায় পৌঁছায়। শেষ দিনে এভারটন থেকে ইলিমান এনদিয়ায়েকে প্রাথমিক ৬ কোটি পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে পাঠানোর মাধ্যমেই আগের রেকর্ড ভাঙার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর প্রিমিয়ার লিগের চূড়ান্ত সময়সীমা পার হওয়ার পরপরই ফুটবল বিশ্বকে চমকে দিয়ে চেলসি থেকে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের রেকর্ড ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। কেবল শেষ দিনেই প্রিমিয়ার লিগের দলগুলো খরচ করেছে ৪৭৫ মিলিয়ন পাউন্ড, যা গত বছরের ডেডলাইন ডে-র ৩৯১ মিলিয়ন পাউন্ডকে বহুদূর পেছনে ফেলে দিয়েছে। মাত্র পাঁচ বছর আগে যেখানে গ্রীষ্মকালীন উইন্ডোতে ক্লাবগুলোর সম্মিলিত বাজেট ছিল ১.১৩ বিলিয়ন পাউন্ড, তা এবার বেড়ে প্রায় তিন গুণেরও বেশি হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলের দামি দলবদলের তালিকায় এখন পুরোপুরি প্রাধান্য প্রিমিয়ার লিগের। বিশ্বের সর্বকালের সেরা ১০টি শীর্ষ ট্রান্সফারের তিনটিই ঘটেছে এই উইন্ডোতে প্রিমিয়ার লিগের হাত ধরে। এমনকি ইংলিশ লিগের ইতিহাসের সবচেয়ে দামি পাঁচটি ট্রান্সফারের চারটিই সম্পন্ন হয়েছে চলতি গ্রীষ্মে। এনজো ফার্নান্দেজকে ম্যানচেস্টার সিটির ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে ড্রেসিংরুমে ভেড়ানোর পাশাপাশি আরও কিছু বিশাল অর্থের লেনদেন চোখ কপালে তুলেছে। সিটি এর আগে নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নেয় ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। অন্যদিকে চেলসি অ্যাস্টন ভিলা থেকে তরুণ প্রতিভা মরগান রজার্সকে সই করিয়েছে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে। প্যারিস সেইন্ট-জার্মেইন থেকে ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে আনতে লিভারপুল প্রাথমিকভাবে ১০ কোটি ৬০ লাখ পাউন্ড ঢেলেছে, যা বোনাস ও অন্যান্য শর্ত সাপেক্ষে ১২ কোটি ৩০ লাখ পাউন্ড পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। ইউরোপের অন্যান্য লিগে ৬ কোটি পাউন্ডের ঘর পেরোনো ট্রান্সফার ছিল মাত্র দুটি—ইয়ান দিয়োমান্দোর রিয়াল মাদ্রিদে যোগদান এবং নিউক্যাসল থেকে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডনের পাড়ি জমানো।

উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যামও দলবদলের বাজারে হাত খুলে খরচ করেছে। ক্লাবটি সান্দ্রো টোনালিকে রেকর্ড সর্বোচ্চ ১০০ মিলিয়ন (১০ কোটি) পাউন্ডের শর্তাধীন ফি-তে দলে ভিড়িয়েছে। এছাড়া ওয়েস্ট হ্যাম থেকে মাতেউস ফার্নান্দেসকে ৮ কোটি ৫০ লাখ পাউন্ড এবং ম্যানচেস্টার সিটি থেকে সাভিওকে সাড়ে ৭ কোটি পাউন্ডের (যা শর্তসাপেক্ষে ৮ কোটি ৫০ লাখ হতে পারে) বিনিময়ে আনা নিশ্চিত করেছে। ওদিকে ম্যানচেস্টার সিটি লিলের উদীয়মান তারকা আয়ুব বুয়াদ্দিকে ৮ কোটি ৫৬ লাখ পাউন্ডে, আর্সেনাল নিউক্যাসল থেকে ব্রুনো গিমারায়েসকে সাড়ে ৭ কোটি পাউন্ডে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটন থেকে কার্লোস বালেবাকে ৭ কোটি পাউন্ডে চুক্তিভুক্ত করেছে। সংক্ষেপে বলতে গেলে, এ মৌসুমে বিশ্বের শীর্ষ ২০টি ট্রান্সফারের মধ্যে মাত্র ছয়টি প্রিমিয়ার লিগের বাইরে ঘটেছে, যা ইংলিশ ফুটবলের আর্থিক শক্তিমত্তার স্পষ্ট প্রমাণ দেয়।

একক ক্লাব হিসেবে এবার রেকর্ড পরিমাণ অর্থ ঢেলেছে ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের আকাশচুম্বী ফি যুক্ত হওয়ার পর সিটির মোট খরচ দাঁড়ায় ৪৫৮ মিলিয়ন পাউন্ডে, যা এক উইন্ডোতে কোনো প্রিমিয়ার লিগ ক্লাবের সর্বোচ্চ খরচের নতুন নজির। সিটি অবশ্য খেলোয়াড় বিক্রি করেও দারুণ মুনাফা তুলেছে; তারা আয় করেছে প্রায় ৩০৪ মিলিয়ন পাউন্ড। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চেলসির খরচ ৩৪৯ মিলিয়ন পাউন্ড হলেও খেলোয়াড় বিক্রি থেকে ৩৮২ মিলিয়ন পাউন্ড তোলায় তাদের নিট লাভ হয়েছে ৩৩ মিলিয়ন পাউন্ড। উত্তর লন্ডনের শীর্ষ পর্যায়ে ফেরার লক্ষ্যে টটেনহ্যাম খরচ করেছে ৩০২ মিলিয়ন পাউন্ড। চমক দেখিয়েছে প্রিমিয়ার লিগে সদ্য উঠে আসা দল ইপসউইচ টাউনও। রেলিগেশন এড়ানোর লক্ষ্যে তারা ১৭১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে, যা এসি মিলান, জুভেন্টাস, বার্সেলোনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির চেয়ে তো বটেই, এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের (১৪৮ মিলিয়ন পাউন্ড) চেয়েও বেশি। প্রিমিয়ার লিগের আরেক নবাগত হাল সিটি দল ঢেলে সাজাতে ১৮ জন নতুন খেলোয়াড় সই করিয়েছে, যার মধ্যে ছয়জনই এসেছেন শেষ দিনে।

এবারের ট্রান্সফার উইন্ডোর অন্যতম বৈচিত্র্যময় দিক হলো লিগের মাঝারি ও ছোট দলগুলোর সর্বাত্মক বিনিয়োগ। প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের মধ্যে ১১টিই নিজেদের সবসময়ের সর্বোচ্চ ট্রান্সফার ফি-র রেকর্ড ভেঙেছে, যার মধ্যে ছয়টি ক্লাব এই উইন্ডোতেই একাধিকবার নিজেদের রেকর্ড নতুন করে লিখেছে। প্রিমিয়ার লিগে পদার্পণ করা কভেন্ট্রি সিটি এক মৌসুমেই রেকর্ড গড়েছে চারবার—অরেল আমেন্দা (১.৫৪ কোটি পাউন্ড), লুম তশাউনা (২ কোটি পাউন্ড), কার্ল রাশওয়ার্থ (২.২ কোটি পাউন্ড) এবং ক্যালেব ইয়েরেনকিকে (২.৩১ কোটি পাউন্ড) ক্রমান্বয়ে কিনে তারা এই নজির গড়ে। অ্যাস্টন ভিলা ও ইপসউইচ টাউনও একাধিকবার নিজেদের রেকর্ড ফি অতিক্রম করেছে। এছাড়া লিডস ইউনাইটেডের জেমস ট্র্যাফোর্ড, ব্রেন্টফোর্ডের মামাদু সাঙ্গারে, ব্রাইটনের লুকা ভুশকোভিচ এবং নটিংহ্যাম ফরেস্টের লিয়াম ডেলাপ—প্রত্যেকেই অন্তত ৪ কোটি পাউন্ডের বেশি ফি-তে ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নতুন ঠিকানায় যোগ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)