ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
সব গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ২০ বছরের সোনালী ক্যারিয়ারের ইতি টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান এই কিংবদন্তি।
জাতীয় দলের হয়ে ২০৭টি ম্যাচে মাঠে নেমে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যানের সাথে আকাশী-সাদা জার্সি তুলে রাখার এই সিদ্ধান্ত নিশ্চিত করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ফুটবল জাদুকর একটি পোস্টে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন। তার দেওয়া পোস্টটির বাংলা অনুবাদ:
"ফাইনালের পর থেকে অনেক দিন কেটে গেছে, বেশ কিছু দিন ধরে অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যে—আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...
এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার আত্মাকে আঘাত করেছে এবং এখনো করছে, কিন্তু আমি বিশ্বাস করি এটাই উপযুক্ত সময়। আমি শপথ করে বলছি, আমি সর্বদাই সেরাটা দিয়েছি; শুধু গত কয়েক বছরে সব জয়ের সময়গুলোতে নয়, শুরু থেকেই এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দিতে এবং ফুটবল দিয়ে আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে নিজের সবটুকু উজার করে লড়াই করেছি।
আর খুব বেশি সময় বাকি ছিল না, প্রতিটি অধ্যায়েরই সমাপ্তি থাকে—এটি তেমনি একটি সমাপ্তি যা আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকতে ভালোবেসেছি এবং চিরকাল ভালোবেসে যাব। আমি নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কিছুই বাকি নেই। তাছাড়া, তরুণ একঝাঁক অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্পূর্ণ যোগ্য।
বিগত ২০ বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। ভেতর থেকে আপনাদের সমর্থন পাওয়াটা ভীষণ মিস করব। এখন থেকে আমিও আপনাদের মতো একজন হয়ে যাব—সবসময় বাইরে থেকে দলকে সমর্থন ও চিৎকার জুগিয়ে যাব (ভালো সময়ে, আর খারাপ সময়ে আরও বেশি করে)।
এই সুন্দর কিন্তু কঠিন পথচলায় সর্বদা পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। সব কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের ধন্যবাদ যাদের সাথে দীর্ঘ পথ চলার সুযোগ আমার হয়েছে। অবিস্মরণীয় সব স্মৃতি ও মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি।
আমি অত্যন্ত মানসিক শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি—সতীর্থদের সঙ্গে নিয়ে আপনাদের স্বপ্নের কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সাথে এগুলো বাঁচা এক উন্মাদনার মতো ছিল। সবাইকে অনেক ভালোবাসি!
আমাকে আর্জেন্টাইন করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
এগিয়ে যাও আর্জেন্টিনা!
২১ জুলাই, ফাইনালের দুই দিন পর আমি এই কথাগুলো লিখেছিলাম। আর আজ, আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত এই সিদ্ধান্তের ব্যাপারে।"