নিজস্ব প্রতিবেদক
উপশহর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিলসহ চারজনকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরতলীর উপশহর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিলসহ চারজনকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (পালবাড়ী গাজীর ঘাট) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে-র নেতৃত্বে পুলিশের একটি দল বোলপুর গ্রামের খলিলের বাড়িতে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে চারজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।