আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সীমাবদ্ধতা নিয়ে হতাশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ থামাতে কোনো চুক্তিতেও পৌঁছনো যাচ্ছে না। এই দ্বিমুখী ব্যর্থতার হতাশায় গত সপ্তাহে এক বৈঠকে নিজের সহযোগীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করা হলেও, ভেতরের দৃশ্যপট ভিন্ন। একজন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ট্রাম্প বা তার শীর্ষ সহযোগীদের কেউই বর্তমান অবস্থা নিয়ে খুশি নন।
মার্কিন প্রেসিডেন্টের সহযোগীরাও পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে একমত হতে পারছেন না। ওই মার্কিন কর্মকর্তা বলেন, 'এত দিন কেটে গেল, তারপরও তাদের মধ্যে ঐক্য নেই।'
গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, ট্রাম্পের এমন একজন ব্যক্তি এনবিসি নিউজকে বলেন, 'প্রেসিডেন্ট ক্ষুব্ধ।'
ট্রাম্পের ওই মিত্র আরও বলেন, 'ইরানকে কোনো চুক্তিতে রাজি করানো যে এতটা কঠিন হবে, তিনি বোধহয় তা ভাবতে পারেননি। যুদ্ধের শেষ কোথায়, কিংবা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে বা তাদের কী করা উচিত—সেসবের কোনো বাস্তবস কৌশলই ছিল না।
'তিনি একে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত করতে চাননি।'
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত সপ্তাহে ট্রাম্পের মেজাজ হারানোর বিষয়টি অস্বীকার করেছেন।
লেভিট বলেন, 'খবরটি মিথ্যা। প্রেসিডেন্টের একটি অসাধারণ টিম রয়েছে, যাদের ওপর তিনি আস্থা রাখেন। আর টিমের প্রত্যেক সদস্য জানেন, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।'
কিন্তু আসল জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। ওই মার্কিন কর্মকর্তা বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্য কী, তা নিয়েই কোনো স্পষ্টতা নেই। মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, হরমুজ প্রণালি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। এই অস্পষ্টতাই যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে কঠিন করে তুলেছে।
এনবিসি নিউজকে ওই মার্কিন কর্মকর্তা জানান, স্পষ্ট কোনো নির্দেশনা ছাড়াই মার্কিন সামরিক বাহিনী আবার বড় পরিসরে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, 'আমরা কৌশলগতভাবে বেশ কয়েকটি জয় পেয়েছি। কিন্তু স্পষ্ট কোনো নীতিগত নির্দেশনা বা সুনির্দিষ্ট গন্তব্য না থাকায় আমরা কৌশলগত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছি।'
তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এনবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর 'পুরোপুরি প্রস্তুত' রয়েছে এবং 'যেকোনো মুহূর্তে প্রেসিডেন্টের নির্দেশ পালন করতে প্রস্তুত'।
তিনি আরও বলেন, 'ইরান-সংক্রান্ত বিদেশি অভিযানের ক্ষেত্রে সেক্রেটারি হেগসেথ, সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল কুপার ও চেয়ারম্যান কেইন লক্ষ্য, কৌশল ও সংকল্পের দিক থেকে সম্পূর্ণ একমত ও ঐক্যবদ্ধ।'