নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিতে অপপ্রচার, কুৎসা ও শিষ্টাচারবহির্ভূত সংস্কৃতির প্রতিবাদ এবং সুস্থ ধারার রাজনীতির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে শহরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে যুবদলের নেতা-কর্মীরা "রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো" এবং "চাই সুস্থ ধারার রাজনীতি" সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে যুবদল রাজপথে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপপ্রচার বা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক অপকৌশল বরদাশত করা হবে না। দেশের মানুষ এখন একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়।
কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।