ছবি: সংগৃহীত
মালয়েশিয়া ঘুরে চীন সফরের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; পৌঁছেছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দালিয়ানে।
সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় তার দালিয়ানের ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বেই ইয়াং, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হোটেলে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব।
দালিয়ানে ‘সামার দাভোস’ হিসেবে পরিচিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৪ থেকে ২৬ জুন বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফর করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী ২৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার বৈঠকের কথা রয়েছে।
সেদিন বিকালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে তারেক রহমান ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মঙ্গলবার সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরদিন বুধবার সকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে সরকারপ্রধানের। ওইদিন আরও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দুপুরে ট্রেনে চড়ে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন তিনি।