Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ৫ শতাধিক নারীর সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৯:২৪ পিএম
বেনাপোলে ৫ শতাধিক নারীর সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন বিতরণ

শার্শা উপজেলার বেনাপোলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’র এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পাঁচ শতাধিক নারী উপকৃত হবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। কর্মমুখী প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করে। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, "নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা গেলে নারীরা নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে পরিবারের আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।"

সংস্থার সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীর দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক নারীকে কর্মমুখী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভা শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সংস্থার সদস্য উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)