বেনাপোল (শার্শা)প্রতিনিধি
শার্শায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ ছবি: ধ্রুব নিউজ
টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে যশোরের শার্শায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারেফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শমরেশ বিশ্বাস এবং পার্টনার ফিল্ড স্কুল অ্যান্ড কংগ্রেসের প্রধান কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা মাঠ পর্যায়ে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহার এবং উচ্চ ফলনশীল ফসলের জাত সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করছেন। শুধু তাইই নয় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ফলে উৎপাদন খরচ কমছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্র আরও সুদৃঢ় হচ্ছে। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।
ধ্রুব/টিএম