নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সামনে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: ধ্রুব নিউজ
শিক্ষাক্ষেত্রের দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং আসন্ন বাজেটে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আজ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে বাকবিশিস যশোর জেলা শাখা। মানববন্ধনে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের কয়েকশত শিক্ষক-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা বলেন, পর্যাপ্ত বাজেটের অভাবে ২০২২ সাল থেকে অবসরে যাওয়া দেশের প্রায় ৬৭ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের 'অবসর ও কল্যাণ ফান্ড'-এর প্রাপ্য অর্থ পাচ্ছেন না। একই সাথে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও দীর্ঘ দিন ধরে চরম অবর্ণনীয় ও মানবিক জীবনযাপন করছেন।
মানববন্ধনে বক্তারা বাকবিশিস ঘোষিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বিরাজমান বৈষম্য ও সমস্যা দূরীকরণে সার্বিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি তোলেন।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ পান্ডেল চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল গফুরের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা কমিটির সহ-সম্পাদক মো. ইবাদত খান, সহ-সম্পাদক মো. মোক্তার আলী, সহ-সম্পাদক সোহেল রানা, সহ-সম্পাদক নির্মল কুমার বিশ্বাস, সহ-সম্পাদক ফিরোজ আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আসন্ন বাজেটে শিক্ষকদের এই ন্যায্য ও মানবিক দাবিগুলোর প্রতিফলন না ঘটে, তবে শিক্ষকরা আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।