অভয়নগর প্রতিনিধি
ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদ ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত আসামি শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।
পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে চেয়েছিলেন শাহ মাহমুদ। তবে ব্যবসায়ী আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এই বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্যবসায়ী আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরিস্থিতি বিবেচনায় আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনজীবী মুকিতের সহায়তায় আসামি শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এই উদ্দেশ্যে তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং আইনজীবী মুকিতের সহায়তায় দেশত্যাগের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।