অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিষ প্রয়োগকৃত মাছের পোনার ঘের। ছবি: সংগৃহীত
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে একজন মাছ চাষীর পোনার ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মৎস্য চাষী ডা. রফিক গাজী।
ক্ষতিগ্রস্ত চাষী জানান, তার মৎস্য ঘেরে প্রায় ১০ লাখ জাপানি মাছের ডিম দেওয়া হয়েছিল। আর মাত্র কিছুদিন পরই মাছের পোনা বিক্রির উপযোগী হত। বাজারে এসব পোনা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে রাতারাতি সব মাছের পোনা মারা যায়।
তিনি আরও জানান, ধার-দেনা করে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এই মৎস্য ঘেরে বিনিয়োগ করেছিলেন। এখন সব শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “আমি এখন পথের ফকির হয়ে গেছি।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ধ্রুব/এস.আই