নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (১৬ মে) সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির চলছে। ছবি: ধ্রুব নিউজ
সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের করণীয় নির্ধারণে যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষাশিবির চলছে। আজ শনিবার (১৬ মে) সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষাশিবির শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে রুকনরা অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এই কর্মসূচিতে কোরআন-হাদিসভিত্তিক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। তিনি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। একই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের আদর্শিক মানোন্নয়ন এবং কঠোরভাবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ এবং ড. আলমগীর। তারা সংগঠনের তৃণমূল কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করছেন।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে চলমান এই শিক্ষাশিবিরে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক ঐক্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীলতা, ধৈর্য ও ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত আছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহ-সেক্রেটারি গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম, ভিপি আব্দুল কাদের, হাসিম রেজা এবং মাওলানা আরশাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।