কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক মো. রাজিব হাসান ও সদস্য সচিব সাহানুর আলমকে । ছবি: সংগৃহীত
গণতন্ত্র রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে যাত্রা শুরু করল ‘মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক’। বৃহস্পতিবার (৭ মে) ঝিনাইদহ জেলা শহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর আয়োজনে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক ডায়লগ সেশন শেষে এই নেটওয়ার্ক গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মো. সাইদুর রহমান এবং এমএসএফ-এর ‘ইম্পাওয়ার হার’ প্রকল্পের সমন্বয়কারী নাজনিন শবনম। ডায়লগ সেশনে বক্তারা বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা পাহারাদারের ভূমিকা পালন করেন। মানবাধিকার রক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের বিকল্প নেই। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন রোধে সংবাদকর্মীদের আরও সোচ্চার ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত জেলার প্রায় ৩০ জন সংবাদকর্মীর সর্বসম্মতিক্রমে ‘মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক’ গঠন করা হয়। নবগঠিত এই নেটওয়ার্কে সাংবাদিক মো. রাজিব হাসানকে আহ্বায়ক এবং সাহানুর আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
নেটওয়ার্কের উল্লেখযোগ্য সদস্যরা হলেন— ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ফয়সাল আহমেদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারি। এছাড়াও সোহাগ আলী, শাহাজাহান নাবিন, কামরুজ্জামান লিটন, ময়না খাতুন ও জাফর উদ্দীন রাজুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা এই নেটওয়ার্কের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
আয়োজক সংস্থা জানায়, নবগঠিত এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার বিষয়ক আইনকানুন সম্পর্কে সচেতনতা তৈরি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা গণতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ধ্রুব/এস.আই