কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ২০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহে বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এড. এমএ মজিদ। এসময় তিনি বলেন, “বর্তমান সরকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করছে। জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিতরণকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর তদারকি করা হবে।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান সহকারি মো. আনোয়ারুল ইসলাম ও হিসাব রক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ধ্রুব/এস.আই