নিজস্ব প্রতিবেদক
কেশবপুরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে ‘হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের কেশবপুরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে ‘হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জি এম শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিতে বায়োপেস্টিসাইড ও বায়োফার্টিলাইজার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের গুণগত মান উন্নত হয়। এর ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকি যেমন কমে, তেমনি পরিবেশও রক্ষা পায়।
যশোরের ব্র্যাক সীডের ডিলার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক চুয়াডাঙ্গার আরএসএম কামরুল হাসান এবং যশোর-১ এর টিএসও প্রান্ত বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্যে আরএসএম কামরুল হাসান বলেন, সময়োপযোগী পরামর্শ ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধান চাষে কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকদের উৎপাদন দক্ষতা বাড়বে এবং তারা বাণিজ্যিকভাবে অধিক লাভবান হবেন।
কর্মশালায় উচ্চফলনশীল হাইব্রিড ধানবীজ এবং রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্র্যাকের বাজারজাতকৃত বিভিন্ন ধান ও সবজি বীজসহ প্রতিষ্ঠানের সকল পণ্য সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
দিনব্যাপী এই কর্মশালা শেষে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৪০ জন মডেল কৃষকের মাঝে ‘ব্র্যাক হাইব্রিড-১০’ জাতের ধানবীজ বিতরণ করা হয়।