নিজস্ব প্রতিবেদক
যশোর সদর থানার বসুন্দিয়া ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. রিয়াদুল হক মিল্টন (৫৯) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রিয়াদুল হক গতকাল শুক্রবার রাতে এই বিষয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন জঙ্গলবাঁধাল উত্তরপাড়া এলাকার মো. মোবারেক মোল্যা (৪৫), মোছা. মিনি বেগম (৩৫), মো. মিন্টু ব্যাপারী (৩০), আশিকুজ্জামান (৩৮) ও লিটন ব্যাপারী (২৬)।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবনের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতেও মাদক তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি ওই এলাকায় মাদক সেবন করে এক যুবকের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী রিয়াদুল হক জানান, গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে জঙ্গলবাঁধাল উত্তরপাড়া খালঘাট এলাকায় কালাম ব্যাপারীর বাড়ির সামনে অভিযুক্তরা তাকে গালিগালাজ শুরু করে। তিনি এর প্রতিবাদ করলে বিবাদীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ধারালো চাকু প্রদর্শন করে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
রিয়াদুল হক মিল্টন বলেন, "এরা এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চালায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তারা কর্ণপাত করে না। প্রতিবাদ করায় উল্টো আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ধ্রুব/এস.আই