বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বাজারেই পিচের সড়কের ওপর মাটির আস্তারণ ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোল বাজার এলাকায় সড়কের ওপর মাটির স্তূপ জমে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। মাটিবাহী ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি সড়কের বিভিন্ন স্থানে স্তূপ হয়ে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়কের একাধিক স্থানে মাটির স্তূপ জমে আছে। রোদে শুকিয়ে ধুলোবালি আর সামান্য বৃষ্টি বা কুয়াশায় মাটি ভিজে সড়কটি পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের জন্য এই পথ এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটিবাহী যানবাহনগুলো কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা (যেমন ত্রিপল ব্যবহার) ছাড়াই চলাচল করছে। ফলে প্রতিনিয়ত সড়কজুড়ে মাটি ছড়িয়ে পড়ছে। দিনের পর দিন এসব মাটি জমে থাকলেও তা অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর ভাষ্যমতে, ব্যস্ততম এই বাজার এলাকায় এমন অব্যবস্থাপনা জননিরাপত্তার জন্য বড় হুমকি। একাধিক পথচারী জানান, মাটির স্তূপের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ধুলোর কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
ভুক্তভোগীরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত সড়ক পরিষ্কার করার পাশাপাশি মাটিবাহী যানবাহনের ওপর কঠোর নজরদারি জোরদার করতে হবে। প্রয়োজনে নিয়মভঙ্গকারী চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।