ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির সাথে দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টানলেন বার্নার্দো সিলভা ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার সিটির সাথে দীর্ঘ ৯ বছরের ট্রফি জয়ে মোড়ানো সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন পর্তুগিজ প্লে-মেকার বার্নার্দো সিলভা। চলতি মৌসুম শেষেই ইতিহাদ স্টেডিয়াম ছাড়ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।
২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়ে এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই মৌসুমই হবে সিটির জার্সিতে তার শেষ রাঙানো মুহূর্ত।
বিদায়ী বার্তায় সিলভা লিখেছেন:
"সিটিজেনরা, ৯ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন আমি এক ছোট ছেলের স্বপ্ন তাড়া করছিলাম; জীবনে সফল হতে চেয়েছিলাম, অর্জন করতে চেয়েছিলাম দারুণ কিছু। কিন্তু এই শহর এবং এই ক্লাব আমাকে আমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে। আমরা একসাথে যা জিতেছি এবং যা অর্জন করেছি, তা আমার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। ১০০ পয়েন্টের মাইলফলক, ঘরোয়া কোয়াড্রাপল, ট্রেবল, টানা চারবার লিগ জয় এবং আরও অনেক কিছু... এই পথচলাটা মোটেও মন্দ ছিল না!" সিলভা আরও যোগ করেন: "কয়েক মাস পরেই এই শহরকে বিদায় জানানোর সময় আসবে। শুধু ফুটবল ক্লাব হিসেবেই নয়, এখানেই আমার বিবাহিত জীবন ও পরিবারের শুরু। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি ইনিয়েস ও কার্লোটাকে! আর ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, গত কয়েক বছরে আপনাদের নিঃশর্ত সমর্থন আমি কোনোদিন ভুলব না। আমার মূল লক্ষ্য ছিল সবসময় প্যাশন নিয়ে খেলা, যাতে আপনারা মাঠে গর্ববোধ করতে পারেন। আশা করি প্রতিটি ম্যাচে আপনারা তা অনুভব করেছেন। আমি সিটির খেলোয়াড় হিসেবে এসেছিলাম, কিন্তু বিদায় নিচ্ছি আজীবন একজন সিটি সমর্থক হিসেবে। এই তরুণ দলটিকে সমর্থন দিয়ে যান, আমি নিশ্চিত ভবিষ্যতে তারা আপনাদের আরও অনেক চমৎকার স্মৃতি উপহার দেবে।"
কোচ পেপ ও সতীর্থদের ধন্যবাদ
ম্যানচেস্টার সিটির এই আধিপত্য বিস্তারের যুগে দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন সিলভা। কোচ পেপ গার্দিওলা এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সিটি ফুটবল একাডেমির প্রতিদিনের পরিবেশই তাকে এতদিন এখানে থাকতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন: "ক্লাব, পেপ, সকল স্টাফ এবং গত নয় বছরের আমার সকল সতীর্থকে ধন্যবাদ। আমাকে এত দীর্ঘ সময় ধরে এই যাত্রার অংশ হতে দেওয়ায় আমি কৃতজ্ঞ। ট্রেনিং গ্রাউন্ডে প্রতিদিন আমরা যে পরিবেশ তৈরি করেছিলাম, তা আমাকে একটি বড় পরিবারের অংশ হিসেবে অনুভব করিয়েছে। চলুন, সিটির জার্সিতে আমার এই শেষ কয়েকটা সপ্তাহ আমরা একসাথে উপভোগ করি এবং এই মৌসুমে বাকি ট্রফিগুলোর জন্য লড়াই চালিয়ে যাই।"
সিটির হয়ে সিলভা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ এবং একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ। তবে মাঠের সাফল্যের বাইরেও ম্যানচেস্টার শহরের সাথে তার ব্যক্তিগত ও আত্মিক সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। এই শহরেই তিনি ঘর বেঁধেছেন এবং বাবা হয়েছেন। বার্তায় তিনি তার স্ত্রী ইনিয়েস এবং কন্যা কার্লোটার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।