ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাই বোলা’ বসেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগার ব্যাটারদের স্পিন সামলানোর দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশে আনা হয়েছে বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাই বোলা’ । মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের চলমান স্কিল ক্যাম্পে আজ থেকে এই মেশিনের ব্যবহার শুরু হয়েছে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দেশগুলোতে স্পিন অনুশীলনের জন্য এই মেশিনটি অত্যন্ত জনপ্রিয়। মূলত বৈচিত্র্যময় স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটারদের জড়তা কাটাতে বিসিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্ম বল ডেলিভারি করা সম্ভব। এছাড়া কোচের চাহিদা অনুযায়ী বলের লেংথ এবং গতি তাৎক্ষণিকভাবে কমানো বা বাড়ানো যায়। মেশিনটি ম্যানুয়াল ও অটোমেটিক—উভয় মোডেই পরিচালনা করা সম্ভব। বিশেষ করে অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টি বল খেলার সুবিধা থাকায় ব্যাটাররা দীর্ঘক্ষণ একাগ্রতার সঙ্গে অনুশীলন করতে পারছেন। কিউই স্পিনারদের মোকাবিলায় এই প্রযুক্তি জাতীয় দলের জন্য বড় সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।